স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গাড়াইকুটি গ্রামে চাঁদা না দেওয়ার জেরে একটি বাণিজ্যিক ফিশারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সাতজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। ফিশারিটির মালিক ও মামলার বাদী ধর্মীয় শিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলাম (৩৫) জানান, অভিযুক্তরা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে ৩ জুন রাত ৯টার দিকে ফিশারিতে বিষ প্রয়োগ করা হয়। এতে সব মাছ মারা যায় এবং তিনি আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হন। ঘটনাটি কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি গ্রামে সংঘটিত হয়। মুক্তাগাছা থানায় মামলা (নম্বর: ২) দায়ের করা হয়েছে। অভিযোগে ৭ জন অভিযুক্তের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ব্যক্তিকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে। বাদী জানান, এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ৪৪৭, ৩৪২, ৩৮৫, ৪২৭, ৪২৮, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির তদন্তভার গ্রহণ করেছেন পিবিআই ময়মনসিংহ জেলার তদন্ত কর্মকর্তা হাসান। তিনি ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শুরু করেছেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে রয়েছেন সামছুল হক, শাহজাহান কবির, আশরাফ আলী, সাইফুল ইসলাম, বাবুল হোসেন, মো. সবুজ মিয়া, আছর উদ্দিন, নাসির উদ্দিন, চাঁন মিয়া প্রমুখ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী রফিকুল ইসলাম দ্রুত বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :