
কামরুল হাসান রবি ময়মনসিংহঃ
ময়মনসিংহ নগরীতে চাঁদাবাজদের একের পর এক হামলা, ভাংচুর এবং শোষণের ফলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা অভিযোগ করেন, এই অপরাধীরা নিয়মিতভাবে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে এবং অর্থ দাবি করছে। চাঁদাবাজদের অব্যাহত তৎপরতায় ক্লিনিক মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই অবস্থা থেকে মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুর ১২টায় নগরীর চরপাড়া মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারী ও স্থানীয়রা। তারা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত হয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, “এই শহরে কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানী এবং মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। আইন-শৃঙ্খলার বিপরীতে কাজ করা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “পুলিশ একা কিছু করতে পারে না। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশ কখনোই শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে না। আমাদের একত্রে কাজ করতে হবে, যাতে শহরটি সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমুক্ত হয়।”
মানববন্ধনে অংশগ্রহণকারী ক্লিনিক মালিকরা অভিযোগ করেন, একদল চাঁদাবাজ নিয়মিতভাবে ক্লিনিকগুলোতে এসে মাসোহারা দাবি করছে এবং টাকা না দিলে হামলা চালিয়ে ভাংচুর করছে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এদিকে, এই বিক্ষোভে উপস্থিত সাধারণ জনগণও চাঁদাবাজদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা জানান, চাঁদাবাজি ও অপরাধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আপনার মতামত লিখুন :