
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো: মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) আর নেই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত বৃহস্পতিবার (১ মে) ভোরে রাজধানীতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা গত বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ পুলিশ কর্মকর্তাগণ ও সদস্যরা এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশ নেন।
জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন বলে পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মরহুম মোদাব্বির হোসেন টাঙ্গাইল ও ময়মনসিংহের পুলিশ সুপারের দায়িত্ব পালন শেষে ঢাকায় ডিসি ট্রাফিক হিসেবে যোগ দেন। পরে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে আইজিপির দায়িত্ব পালন করা এ কর্মকর্তা ২০০৫ সালে সস্কৃতি সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।
ময়মনসিংহে পুলিশ সুপার থাকাকালীন সময়ে জেলায় সর্বহারাদের উপদ্রুপ বৃদ্ধি পেলে তিনি শক্ত হাতে তা নিয়ন্ত্রন করে প্রচুর প্রশংসা কুড়ান।
সাবেক এই আইজিপি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন শিবপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
আপনার মতামত লিখুন :