
রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওসির অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন হামিদুর রহমান মলিন। এসময় সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে যুবদল নেতা হামিদুর রহমান মলিন বলেন, “এজাহারভুক্ত এক আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর জন্য ওসি সাইফুল্লাহ সাইফকে বদলির হুমকি দিয়েছি—এমন অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। বরং আমরা বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করছি। তিনি এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তবে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “গত ১৮ মার্চ গভীর রাতে একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করে থানায় আনা হয়। পরে তাকে ছাড়ানোর জন্য তদবীর করেন যুবদল নেতা হামিদুর রহমান মলিন। আমি তাতে রাজি না হলে তিনি আমাকে মোবাইল ফোনে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার হুমকি দেন।”
ওসি আরও জানান, বিষয়টি তিনি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
আপনার মতামত লিখুন :