বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ইসলামী শিক্ষা ও ইসলামী সংস্কৃতির চর্চা এবং বিকাশের লক্ষ্যে জামালপুরে এই প্রথমবারের মত আয়োজন করা হয় হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ আগষ্ট) জামালপুর সদর উপজেলার কটারবাড়ী এলাকায় দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসায় অত্যন্ত ভাবগাম্ভীর্যভাবে দিনব্যাপী হিফজুল কোরান ও ইসলামী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামীক স্কলারসহ জামালপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলার দূরদূরান্ত থেকে অর্ধশতাধিক মাদরাসার হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে মাদরাসা প্রাঙ্গন।
ময়মনসিংহ বিভাগের অর্ধশত স্কলার, জামালপুর ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয় দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসা। বিভিন্ন পর্যায়ের অন্তত ষাটটি মাদরাসার প্রায় এক হাজার শিক্ষার্থী দশটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসা ও মসজিদের বিভিন্ন কক্ষে বাংলা, আরবী, ইংরেজী বক্তব্য, আকীদাহ, দোয়া ও আদব, হিফজুল হাদীস, হিফজুল কোরআন, ক্বিরাত ও ইসলামী সংগীত বিষয়ে বিভিন্ন শ্রেণী ভিত্তিক মোট দশটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বেশ উৎসাহ নিয়ে প্রতিযোগিতাগুলোতে অংশ নেয় এবং স্কলারগণ বিচারকের দায়িত্ব পালন করেন।
প্রতিযোগিতা শেষে মাদরাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসার অধ্যক্ষ ও সৌদি আরবে অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহ ছাত্র সংসদের সভাপতি ড. শেখ সা’দী বিন আব্দুর রশিদ আল-মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সৌদি আরবের মদিনা ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রফেসর ড. হুসাইন বিন নাফফা আল-জাবিরী (হাফিজাহুল্লাহ)।
ইসলামী মূল্যবোধ এবং ইসলামী সংস্কৃতির বিকাশ ও সৌদি আরবের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে পড়াশোনার জন্য মাদরাসা শিক্ষার্থীসহ সকলের আগ্রহ তৈরিতে এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা উচিত বলে মনে করেন সচেতন ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন :