ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দায়েরকৃত মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।। আজ (রোববার) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ তাদের সূচনা বক্তব্য উপস্থাপন শুরু করেছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে আজ রাষ্ট্রপক্ষের হয়ে সূচনা বক্তব্য তুলে ধরেন। এর আগে দিনের শুরুতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এই দিনটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে ন্যায়বিচার প্রত্যাশার কথা ব্যক্ত করেন। গত ১০ জুলাই এই ট্রাইব্যুনালই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিল। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন দমনে সরকারের ভূমিকা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে এই বিচার পরিচালিত হচ্ছে। একই দিনে ট্রাইব্যুনাল চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দোষ স্বীকার করা রাজসাক্ষী হওয়ার আবেদনটি মন্জুর এবং সূচনা বক্তব্যের জন্য ৩ আগস্ট দিন ধার্য করেন। আদালতে আজকের কার্যক্রমে মামলার অন্যতম আসামি ও পরবর্তীতে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :