
বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
বিয়ে বাড়িতে চলছিল শেষ মুহূর্তের সাজসজ্জা আর পরিবারের মনে ছিল আনন্দের জোয়ার। নতুন জীবনের সূচনার সব পরিকল্পনা যখন এগোচ্ছিল, তখনই হঠাৎ নেমে এলো মৃত্যুর ছায়া। বিদ্যুতস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শাহ আলম মিয়া (২২) নামের এক যুবক। আজ রোববার (২৭ জুলাই) ছিল তার বিয়ের নির্ধারিত দিন। কিন্তু সেই শুভ দিনটি আর তার জীবনে আসেনি।গতকাল শনিবার (২৬ জুলাই) দুপুরে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজার এলাকায় নিজ ঘরে বৈদ্যুতিক ফ্যান মেরামতের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত শাহ আলম ওই এলাকার শাহজামাল মিয়ার ছেলে।নিহতের পরিবার সুত্রে জানা যায়, ঘরের সিলিং ফ্যানের সুইচ নষ্ট হওয়ায় শাহ আলম নিজেই তা মেরামতের চেষ্টা করছিলেন। যাতে তার জীবনে আসা নতুন মানুষটির (বৌ) গরমে কষ্ট না হয়। কিন্তু এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন এবং তার মৃত্যু হয়।নিহতের ভাতিজা লাবন আহমেদ বলেন, আমার চাচার বিয়ে ছিল আজ। নতুন জামা-গহনা সবকিছুই প্রস্তুত কিন্তু তার হঠাৎ এমন মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়েছি। স্বপ্ন ছিল চাচা বিয়ের পর বিদেশে যাবে, কিন্তু সবকিছু শেষ গেলো।জানা গেছে, শাহ আলম ২০২২ সালে এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসি পাস করেন। পড়াশোনার পাশাপাশি পরিবারকে সহায়তা করতে তিনি নানা ধরনের কাজ করতেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যস্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :