ভালুকা প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় মা ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলাম (২৫)কে পুলিশ গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে নিহত ময়না আক্তারের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত ময়না আক্তারের দেবর নজরুল ইসলামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো দুজনকে আসামি করা হয়।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আসামী নজরুল ইসলাম এর আগেও জয়দেবপুর থানার একটি হত্যা মামলায় দুই বছর জেল খেটেছেন। নিহত ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম একটি সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে নজরুল ইসলামকে জেল থেকে বের করে আনেন। গত দেড় মাস আগে ভালুকা পৌর সদরের দুই কক্ষ বিশিষ্ট ভাড়া বাসায় উঠেন তারা। গত সোমবার রাতে দুই শিশু ও মাকে গলা কেটে হত্যা করে নজরুল ইসলাম পালিয়ে যান। আজ বিকালে ভালুকা মডেল থানা পুলিশ গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য গত সোমবার রাতে আসামী নজরুল ইসলাম তার ভাবী ময়না আক্তার, ভাতিজি রাইসা ও ভাতিজা নিরবকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :