
ভালুকা থেকে ফজলে হাসান: ময়মনসিংহের ভালুকায় যানজট ও জনসাধারণের চলাচলে শৃঙ্খলা ফেরাতে মহাসড়কের পাশের অবৈধ চা দোকান উচ্ছেদ করার পর দোকানীরা কর্মহীন হয়ে পড়ে । আজ মঙ্গলবার দুপুরে তাদের পুনর্বাসনের জন্য নান্দনিক টি-স্টল হস্তান্তর করা হয়েছে।উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ পৌর সদরের ২৬ জন চা দোকানির হাতে এসব টি-স্টল হস্তান্তর করেন। মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে স্টলগুলো পেয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানীরা। মানবিক বিবেচনায় দোকানীদের কর্মসংস্থান পুনরুদ্ধারে বিনামূল্যে এই টি- স্টল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।নান্দনিক কাঠামোর এসব টি-স্টলে যেন শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় থাকে, সে বিষয়ে দোকানিদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “উচ্ছেদের পর অনেক দোকানি কর্মহীন হয়ে পড়েন। তাদের পুনর্বাসনের লক্ষ্যে এসব টি-স্টল বিনামূল্যে প্রদান করা হয়েছে। দোকান পরিচ্ছন্ন ও সুসজ্জিত রাখার পাশাপাশি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :