
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে
হত্যার হুমকি দেওয়া হয়েছে । এ ঘটনায় মুশফিকুর রহমানের অনুসারী ও বিএনপি নেতা সেলিম আহাম্মেদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি, হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।
জিডির তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ রাত ৯টার দিকে “Mosharof Mollah” নামের একটি ফেসবুক আইডি থেকে মুশফিকুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। এতে তার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জিডি আবেদনকারী।
এ বিষয়ে বিএনপি নেতা সেলিম আহাম্মেদ বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি যে কোনো সময় আবারও নেতার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাতে পারে। এতে তার রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষতি হতে পারে। তাই বিষয়টি ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা জরুরি বলে মনে করছি।”
হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার রাতে উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে গফরগাঁও পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে পাটমহল দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এ কে এম আনসার উদ্দিন,বি এন পি নেতা সেলিম আহাম্মেদ,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল,ময়মনসিংহ দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল্লাহ্ আব্বাসী সুজন,পোর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাহারুল ইসলাম রিজভী,জেলা যুবদলের সদস্য রাজন,পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পি প্রমুখ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ফেসবুক আইডির প্রকৃত মালিক কে বা কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :