Agaminews
Dr. Neem Hakim

বাকৃবি ক্যাম্পাসে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বোতল নিষিদ্ধ ঘোষণা উপাচার্যের


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন / ১০১
বাকৃবি ক্যাম্পাসে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বোতল নিষিদ্ধ ঘোষণা উপাচার্যের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বোতলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং কেউ এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ‘ব্রহ্মপুত্র নদে মাইক্রোপ্লাস্টিক দূষণ: মাছ ও জলজ খাদ্য শৃঙ্খলে বিপর্যয়ের আশঙ্কা’ শীর্ষক গবেষণা প্রকল্পের আলোকে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় গবেষকরা ব্রহ্মপুত্র নদ ও আশপাশের জলজ পরিবেশে মাইক্রোপ্লাস্টিক দূষণের মারাত্মক প্রভাব নিয়ে আলোচনা করেন। উপাচার্য বলেন, “মাইক্রোপ্লাস্টিক দূষণের কারণে ভারত ও বাংলাদেশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এটি জলজ প্রাণী ও খাদ্যশৃঙ্খলে মারাত্মক বিপর্যয় ঘটাতে পারে। তাই আমাদের সবাইকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে হবে। আমি আজ থেকে এই উদ্যোগের সূচনা করছি।”

তিনি আরও জানান, এখন থেকে বাকৃবির সব অফিসে প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো অফিসে প্লাস্টিক বোতল পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. হারুনুর রশীদের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সহযোগী অধ্যাপক ড. কাইজার আহমেদ সুমন প্রমুখ।

এ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনটি দেশের গবেষকরা। অনলাইন জুম প্ল্যাটফর্মে বক্তব্য দেন ভারতের রাজদীপ দত্ত ও ভুটানের গবেষক গীতা দাহল।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর