
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ওবায়দুর রহমান মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বুধবার প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “দেশ ও সমাজ রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকেই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাদক, জুয়া, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, অজ্ঞান পার্টি, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে নিয়মিত সচেতনতা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।”
ওসি বলেন, “অনেক সময় মিথ্যা অভিযোগ ও গুজবের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি, যাতে তারা কোনো প্রলোভনে পড়ে অপরাধে জড়িত না হয়। ভবিষ্যতেও এই ধরনের প্রচারণা অব্যাহত থাকবে এবং পুলিশের টহল আরও দৃশ্যমান ও শক্তিশালী করা হবে।”
তিনি আরও জানান, এলাকার জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মতবিনিময় অব্যাহত রেখে মাদক, সন্ত্রাস, জুয়া ও অন্যান্য অপরাধ মোকাবিলা করা হচ্ছে। “অপরাধী যেই হোক, তাদের আইনের আওতায় আনা হবে,” বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন ওসি। ঈশ্বরগঞ্জকে সন্ত্রাস, মাদক ও জুয়া মুক্ত করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, “সন্ত্রাসবাদ বা নাশকতায় জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। মাদক ও জুয়া খেলা নির্মূল করতে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে ঈশ্বরগঞ্জ থানায় ৬৪টি মামলা রেকর্ড করা হয়েছে। তাছাড়া ১’শ ৯০জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। সেপ্টেম্বর মাসে ২০ জন, অক্টোবর মাসে ৫৪ জন, নভেম্বর মাসে ৭০ জন এবং ডিসেম্বর মাসে ৪৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে। এসব কার্যক্রমের ফলে অপরাধীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে এবং মাদক ও জুয়ার আড্ডাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
পরিশেষে ওসি মো. ওবায়দুর রহমান বলেন, মাদক, জুয়া, ছিনতাই, ডাকাতি, অজ্ঞান পার্টি, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে নিয়মিত সচেতনতা প্রচারণা চালিয়ে যাচ্ছি। “সকল ধরনের অপরাধ রুখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। জনসাধারণ যদি সচেতন হয়, তবে আমরা অবশ্যই সকল অপরাধ নির্মূল করতে সক্ষম হব।”
আপনার মতামত লিখুন :