মুঞ্জুরুলহক মুঞ্জু,জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার আকবরনগর ও মিরারচর এলাকায় ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত মাসুদ মিয়া উপজেলার মিরারচরের আসাদ মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচরবাসীর মধ্যে ৪০ বছর ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সম্প্রতি উত্তেজনা শুরু হয়। আজ সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ১ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়। এই সংঘর্ষের ফলে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. কিশোর কুমার ধর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।ভৈরব উপজেলার নির্বাহী অফিসার এম মামুনুর রশীদ বলেন, ‘চলমান ঘটনা নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
আপনার মতামত লিখুন :