
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:০১, ২৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, জীবিকার তাগিদে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় এক সপ্তাহ আগে একটি অটোরিকশা কিনেছিলেন নাঈম। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। আজ সকালে খৈচালা বিল এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
ঢাকা/অদিত্য/মাসুদ
আপনার মতামত লিখুন :