
তথ্যবিবরণী নম্বর: ২৫০
ময়মনসিংহ (মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ খ্রি: )
সারা দেশের ন্যায় ময়মনসিংহেও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় র্যালিটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ”সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, একসময় দেশে আইনগত সহায়তার উদ্যোগ মূলত বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত হতো। সরকারি পর্যায়ে আইনগত সহায়তা কার্যক্রমের প্রাথমিক কাঠামো যথেষ্ট সীমাবদ্ধ ছিল বলেও তিনি উল্লেখ করেন। অতীতে দরিদ্র মানুষের জন্য আইনি সহায়তার সুযোগ থাকলেও তা ছিল অকার্যকর ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইনগত সহায়তার ধারণাকে কার্যকর রূপ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সময়েই একটি কমিটি গঠন এবং তহবিল সৃষ্টির মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তার পথ সুগম হয়। সভাপতি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আইনগত সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আইনগত সহায়তা শুধু মামলা পরিচালনায় সীমাবদ্ধ নয়, এটি আইনি পরামর্শ, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম।সভাপতি জানান, জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই সেখানে আইনি পরামর্শ নিতে পারেন। পরামর্শ গ্রহণে কোনো আর্থিক সীমাবদ্ধতা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় দেশের অসহায়, দরিদ্র ও ন্যায়বিচারপ্রার্থী মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার এই মহৎ কর্মসূচি ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর হবে।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, এই দেশ স্বাধীন হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন নিশ্চিত করার জন্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল মানুষের মুক্তি। কিন্তু আজও যদি একজন সাধারণ মানুষ, একজন অসহায় কৃষক মনে করেন যে আইন কেবল বিত্তবান, সমাজপতি কিংবা প্রভাবশালীদের জন্য, তবে তা আমাদের রাষ্ট্র ও সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন আপনাদের কাছ থেকেও বঞ্চিত না হয়। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলে একসঙ্গে কাজ করতে হবে।সিভিল জজ সাহেরা বিবি এবং তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ নূরুল হক, বিজ্ঞ সরকারি কৌশুলী মোঃ আজহারুল হক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মোঃ আনোয়ার আজিজ টুটুল। সভায় ময়মনসিংহের বিজ্ঞ বিচারকমন্ডলী ,আইনজীবী, স্থানীয় প্রশাসন, মানবাধিকার সংগঠন , বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
# মোস্তফা/মাসুদ/রিদওয়ান/মনির/রিজভী/২০২৬/১3:০০ঘটিকা
আপনার মতামত লিখুন :