
প্রকাশিত: ২২:০৫, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০৬, ২৫ এপ্রিল ২০২৬

শুক্রবার থেকেই গুঞ্জন ছিল পাকিস্তানে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। আর এই গুঞ্জনের বড় কারণ ছিল পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সফর। এমনকি শনিবারও (২৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরাঘচির সঙ্গে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের দুই প্রতিনিধি।
তবে শেষ পর্যন্ত মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনকে মিথ্যা প্রমাণ করে পাকিস্তান ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনা সম্পর্কে অবগত ইরানি সূত্রের মতে, ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং এই অঞ্চলের প্রধান মিত্রদের সঙ্গে পরামর্শ করার জন্য পাকিস্তানের রাজধানীতে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইসলামাবাদ ত্যাগ করেছেন।
আরাঘচি এরপর কোথায় যাবেন তা প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, তিনি এই সফরে ওমান এবং রাশিয়াও সফর করবেন।
আরাঘচি শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে অবতরণ করেন। এই নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একজন প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।
এপ্রিলের শুরুতে দীর্ঘ আলোচনা যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সবচেয়ে কঠিন কূটনৈতিক বাধাগুলো দূর করতে ব্যর্থ হওয়ার পর, পাকিস্তানি মন্ত্রীরা মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার ব্যবস্থা করার চেষ্টা করছিলেন।
ঢাকা/শাহেদ
আপনার মতামত লিখুন :