
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৩৮, ২৫ এপ্রিল ২০২৬
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ইউএনও’র বডিগার্ড
পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধরা ইউএনওর বডিগার্ডকে মারধর করে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পাম্প কর্তৃপক্ষ জানায়, জ্বালানি তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। তাদের জন্য ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র থাকা চালকরাও ঠিকমতো তেল পাচ্ছিলেন না। এ নিয়ে সেখানে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে না পেরে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাককে অবগত করলে দুপুরের দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে তিনি ঘোষণা করেন, যাদের কাছে ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র নেই, তারা যেন লাইন ত্যাগ করেন। এ সময় কাগজপত্র না থাকায় দুজন চালককে ৫০০ টাকা করে জরিমানাও করা হয়। জরিমানা করার পরপরই হঠাৎ পেছন থেকে কয়েকজন বিক্ষোভ শুরু করেন ও ইউএনওসহ তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালান।
বিক্ষুব্ধরা ইউএনওর দায়িত্বরত দেহরক্ষীর ওপর চড়াও হয় ও তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আহত হন দেহরক্ষী। উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, পাম্পে বিশৃঙ্খলা পরিস্থিতির খবর পেয়ে আমি সেখানে যাই। লাইনে থাকা কাগজপত্র বিহীন মোটরসাইকেল চালকদের চলে যেতে বলায় ও দুজনকে জরিমানা করায় শতাধিক লোক মিছিল নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার বডিগার্ডের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে আমার বডিগার্ড দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালেক বলেন, “বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/নাঈম/রাজীব
আপনার মতামত লিখুন :