Agaminews
Dr. Neem Hakim

রাইজিংবিডির ১৪ বছরে পা এবং গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ


admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ /
রাইজিংবিডির ১৪ বছরে পা এবং গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ


২০২৫ সালের নভেম্বর মাসের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র সম্পাদনার জের ধরে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেন। ওই তথ্যচিত্রটি সম্প্রচারের পর সেটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ সাংবাদিকদের কাজ হিসেবে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘটনা সে সময় ছিল ‘টক অব দ্য ওয়ার্ল্ড’। মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগের আগের দিন ও পরের দিন পুরো ঘটনা লাইভ আপডেট দেয়।

বিবিসির ফ্ল্যাগশিপ ‘প্যানোরামা’ প্রোগ্রামে সম্প্রচারিত ওই তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যকে ‘ভুলভাবে’ সম্পাদনা করে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ওই সংবাদটি সম্প্রচারের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, “দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা’ এই কাজটি করেছে এবং এই অসৎ লোকেরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।” বিশ্বখ্যাত বিবিসির মতো সংবাদমাধ্যমে ‘ভুলভাবে’ সম্পাদনার অভিযোগ এই সময়ে নতুন আলোচনা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

দুই.

কয়েকটি শিরোনাম শেয়ার করছি। ‘৫৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে সতর্কবার্তার পোস্টটি ভুয়া, বরং বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর’, ‘যুদ্ধের মধ্যে অপতথ্য, মাছবাজারে অগ্নিকাণ্ডও চালানো হয় ড্রোন কারখানার আগুনের দৃশ্য বলে’, ‘রাজনৈতিক অপতথ্যের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে ভুয়া ফটোকার্ড,’ ‘ফ্যাক্ট চেক, গত সপ্তাহে শনাক্ত অপতথ্যের অধিকাংশই রাজনীতিকেন্দ্রিক, ছড়ায় বেশি ফেসবুকে’, ‘যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ নয়, ঈদযাত্রা ঘিরে ছড়ানো ভিডিও এআই দিয়ে তৈরি,’ ‘ফেসবুকে এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য শনাক্ত,’ [সূত্র: প্রথম আলো ]। অর্থাৎ এই প্রযুক্তির ভিড়ে কোনটি মিথ্যা খবর, কোনটি সত্য খবর, কোন ভিডিওটি আসল বা নকল—তা নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন পাঠকরা।

গত সপ্তাহের ঘটনা। মিরপুরে হাবিবের চায়ের দোকানে চা খেতে গেছি। সেখানে এক ব্যক্তি মোবাইল ফোনে সংবাদ দেখে মন্তব্য করলেন, “ভাই, ফেসবুকের খবর বিশ্বাস কইরেন না। অধিকাংশ খবরই ভুয়া।”

তিন.

চলতি বছরের ২৬ জানুয়ারি ঘটনা। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি নাকি অস্ট্রেলিয়া চলে গেছেন সেই রাতে। মূলধারার গণমাধ্যমেও ছড়ানো হলো, তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন। অথচ, পরের দিন সকালে দেখা গেল— বিসিবিতে একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। পরে অনেক গণমাধ্যম ভুল প্রতিবেদন সরিয়ে নেয়।

চলতি বছরের ফেব্রুয়ারির ঘটনা। বার্তাকক্ষে কাজ করছি। সহকর্মী পাশে থেকে বললেন, “ভাই, টিভিতে ব্রেকিং দিচ্ছে।” আমি বললাম,“এটা আগেই দেওয়া যাবে না। দেখবেন কিছুক্ষণ পর ব্রেকিং তুলে দেবে।” ঠিক ১০ মিনিট পর ওই ব্রেকিং উধাও। পরে তাকে বললাম, “কোনো খবর পাওয়ামাত্রই ফ্যাক্ট চেক করুন, সঠিক তথ্য যাচাই করুন, সত্য জানার চেষ্টা করুন।” এটা আমি পাঠকদেরও চর্চা করার আহ্বান জানাচ্ছি।

চার.

এখন এআই’র যুগ। এটাতেও বিভ্রান্তি প্রকট। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের সত্যতা যাচাইয়ের প্রবণতা কম। চটকদার, আবেগনির্ভর ও বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। ভিউ এবং ভাইরালের নেশায় ভুল তথ্য ও অপপ্রচার ঠেকানো যাচ্ছে না। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। সমাজে বাড়ছে অস্থিরতা। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বাস্তব জীবনে সহিংসতা ও সামাজিক সংঘাতের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে তথ্য প্রচার আমাদের সমাজের জন্য একটি বড় ঝুঁকি বয়ে আনছে। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে, যেখানে তথ্যের প্রাচুর্য থাকলেও সত্যের অভাব ক্রমশ প্রকট হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন (ভুল তথ্য ও অপতথ্য) কেবল বিভ্রান্তিই ছড়াচ্ছে না, বরং এগুলো আস্থাকে দুর্বল করছে, সামাজিক বিভাজনকে তীব্র করছে এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলছে।

পাঁচ.

প্রিয় পাঠক, ওপরের ঘটনাগুলো জেনে বুঝতে পারছেন গণমাধ্যমের সামনে কী ধরনের চ্যালেঞ্জ আসছে। নিউ মিডিয়ার যুগে সংবাদমাধ্যম এখন নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের সত্য অনুসন্ধানের প্রতি অধিক মনোযোগী হতে হবে, যাতে ভুল ও অপতথ্য না ছড়ায়। তা না হলে সামনে ভয়াবহ বিপদ ধেয়ে আসবে।

ছয়.

দেশের জনপ্রিয় ও শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম ১৩ বছর অতিক্রম করল। অনলাইন নিউজ পোর্টাল ১৩ বছর অতিক্রম করা মানে যুদ্ধ জয় করা। রাইজিংবিডির যাত্রা শুরু ২০১৩ সালের ২৬ এপ্রিল। ‘পজিটিভ বাংলাদেশ’ বিষয়টিকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার প্রতিপাদ্য নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে সংবাদমাধ্যমটি। সহজ ভাষার গণমাধ্যমের বৈশিষ্ট্য এমন হতে হবে, যেখানে পাঠকদের মানবিক মূল্যবোধ জাগ্রত হয়—এই মন্ত্রে দীক্ষা নিয়ে কাজ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাইজিংবিডি পরিবারের একঝাঁক সংবাদকর্মী।

অনলাইন গণমাধ্যমের পরিবারে যে কয়টি গণমাধ্যম বাংলাদেশে পাঠকদের কাছে শক্তিশালী জায়গা করে নিয়েছে তার মধ্যে রাইজিংবিডি ডটকম অন্যতম। ‘প্রতি মুহূর্তের খবর’ এই স্লোগান ধারণ করে নিউজ পোর্টালটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, পজিটিভ জার্নালিজমের মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। রাইজিংবিডি বর্তমানে অগ্রসর পাঠকের পোর্টাল এবং নির্ভরযোগ্য সংবাদের উৎস— এটা পাঠকদেরই ভাষ্য।

সাত.

ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে রাইজিংবিডি। রাইজিংবিডিতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত হচ্ছে নানা প্রতিবেদন, ফিচার, বিশ্লেষণ। ক্যাটাগরিগুলো দেখলেই তা বোঝা যায়। জাতীয়, পজিটিভ বাংলাদেশ, নারী ও শিশু, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, ব্যাংক-বীমা, শেয়ারবাজার, করপোরেট কর্নার, কৃষি, রাজনীতি, স্পেশাল, স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা, সাহিত্য, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক, বিজ্ঞান-প্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ, মতামত, সাক্ষাৎকার, মিডিয়া, আইন ও অপরাধ, প্রবাস, ছবিঘর, সাতসতেরো, অন্য দুনিয়া ও দেহঘড়ি, মটো কর্নার। এছাড়া মতামত প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া, বিশেষ দিবসে রাইজিংবিডির কর্মীরা পয়লা বৈশাখ, বসন্তবরণ উৎসবসহ নানা অনুষ্ঠানও করছেন।

আট.

রাইজিংবিডিতে প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও- সবকিছুতে পজিটিভ বাংলাদেশের বার্তা থাকে। এ কারণে রাইজিংবিডি কারও পক্ষে নয়, দেশের পক্ষে কথা বলে। বর্তমানে সংবাদপত্রের কাজের ধারা পাল্টেছে। পাঠক খুব দ্রুত সঠিক সংবাদ এবং এর আদ্যোপান্ত জানতে চায়। এখন মোবাইল সাংবাদিকতার যুগ। সংবাদের পাশাপাশি মানুষ ভিডিও দেখতে চায়। এসব দিকে রাইজিংবিডি অন্য অনেকের চেয়ে এগিয়ে আছে।

নয়.

প্রতিষ্ঠার ১৪তম বছরে পা রেখে রাইজিংবিডি সব খবর সবার আগে পাঠকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এজন্য যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও সংবাদ পরিবেশনায় প্রতিষ্ঠানটির একঝাঁক তরুণ, মেধাবী এবং প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী রাত-দিন একনিষ্ঠভাবে কাজ করছেন। এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) এই যুগে রাইজিংবিডি সঠিক খবরের জন্য প্রধান ভূমিকা রাখবে, এটা বলার অপেক্ষা রাখে না।

লেখক: সহকারী বার্তা সম্পাদক, রাইজিংবিডি ডটকম





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর