
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৩৫, ২৩ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে এ নোটিশটি পাঠান।
আমির হামজা কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা।
আইনজীবী নুরুল ইসলাম বলেন, “লিগ্যাল নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে ১০ দিনের মধ্যে মানহানিকর বক্তব্যের সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
নোটিশে বলা হয়েছে, আমির হামজা জনসম্মুখে বক্তব্য প্রদানকালে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং অপপ্রচার চালিয়েছেন। একজন সংসদ সদস্যকে ‘ফজু পাগলা’ বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। এমনকি কুকুর মারার ইনজেকশন দেওয়ার কথা বলেছেন। এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এসব বক্তব্য ও কর্মকাণ্ডের ফলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জাতীয় ছাত্রশক্তি নেতা আই-ইয়াশ ইমন বলেন, “ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি। একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে মানহানিকর বক্তব্য কাম্য নয়। এই কারণে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।”
এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আমির হামজার মোবাইল কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।
ঢাকা/কাঞ্চন/রাজীব
আপনার মতামত লিখুন :