
রাজু মোল্ল জামালপুর প্রতিনিধি :
সোমবার দুপুরে শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় সংবাদ সম্মেলন করে নিহত শাহীনের পরিবার। সংবাদ সম্মেলনে শাহীনের স্ত্রী জরিনা বেগম, তার দুই ছেলে আশিকুর রহমান জয় ও মনির হাসান মনি বক্তব্য রাখেন। এ সময় লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পৌর এলাকার নাছিরপুর গ্রামের শাহীন ভটভটি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। কিন্তু গত ৫ মাস আগে পার্শবর্তী লাঙ্গলজোড়া এলাকার পুলিশের এসআই লুতফর ও তার ভাই ফরহাদের দুইটি গরু চুরি হলে তারা ভটভটি চালক শাহীনকে সন্দেহ করে এবং গরুর দাম বাবদ ৭ লক্ষ টাকা দাবী করে ও অন্যথায় তাকে হত্যার হুমকি দেয়। একাধিকবার পুলিশ ও ডিবি শাহীনকে খুজতে তার বাড়ীতে গেলে ভয়ে শাহীন বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করে। গত ১৮ মার্চ সকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকা থেকে মুখ থেতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ শাহীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনের আগে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
আপনার মতামত লিখুন :