
মুঞ্জুরুলহক মুঞ্জু জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
ছেলের মৃত্যুর সংবাদ শুনে হার্ট অ্যাটাকে মারা গেলেন মা
কিশোরগঞ্জে আলতাব উদ্দিন শাহীন নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ঢাকায় হৃদরোগে মারা গেছেন। সন্তানের মৃত্যু সংবাদ শুনে পাঁচ ঘণ্টার ব্যবধানে গ্রামের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা গেলেন বৃদ্ধা মা জুবেদা খাতুন (৭৫)।আলতাব উদ্দিন শাহীন কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।একই এলাকার ইউপি সদস্য জয়নাল মিয়া জানিয়েছেন, শাহীন ঢাকায় পোশাক কারখানার ঝুটের ব্যবসা করতেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। বাড়িতে মৃত্যু সংবাদ আসার পাঁচ ঘণ্টার ব্যবধানে রোববার সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন শাহীনের বৃদ্ধা মা জুবেদা খাতুন। তবে তিনিও বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।তিনি আরও জানান, প্রায় চার বছর আগে শাহীনের বাবা মনির উদ্দিন মারা গেছেন। আলতাব উদ্দিন শাহীন মা-বাবার তিন ছেলে ও চার মেয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন।পাঁচ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের এরকম মৃত্যুর ঘটনায় এলাকাবাসী শোকে স্তব্ধ। রোববার বাদ আসর মা-ছেলের একসঙ্গে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাদের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইউপি সদস্য জয়নাল মিয়া।
আপনার মতামত লিখুন :