Agaminews
Dr. Neem Hakim

কলমাকান্দাকে পরিকল্পনা অনুযায়ী আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরিত করা হবে: ডেপুটি স্পিকার


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ /
কলমাকান্দাকে পরিকল্পনা অনুযায়ী আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরিত করা হবে: ডেপুটি স্পিকার

তথ্যবিবরণী
নম্বর-৩১৬

নেত্রকোণা ( মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রি:)

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন,  কলমাকান্দাকে আগামী ৫০ বছরের পরিকল্পনা অনুযায়ী একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা হবে। উন্নয়নের এই মহাপরিকল্পনায় সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, স্টেডিয়াম, বাজার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কলমাকান্দাকে হাওর অঞ্চলের অন্যতম উন্নত এলাকায় পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত কলমাকান্দা বাজারে বাইপাস রাস্তা তৈরি ও বাজার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, কলমাকান্দা, মধ্যনগর, দুর্গাপুর, বারহাট্টা ও আশপাশের এলাকাকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে একটি বৃহৎ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। প্রস্তাবিত বাইপাস সড়ক ও সেতুর মাধ্যমে কলমাকান্দার সঙ্গে মধ্যনগরের সরাসরি সংযোগ স্থাপন করা হবে। সেতুটি এমন স্থানে নির্মাণ করা হবে, যেখান থেকে সহজেই মধ্যনগরে যাতায়াত করা যাবে। সেতু নির্মাণের পর সেখান থেকে মধ্যনগর পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে একটি বড় সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুর্গাপুর-কলমাকান্দা এবং পাঁচগাঁও সড়ককেও এলজিইডি থেকে সওজের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সড়কগুলো মহাসড়কের মানে উন্নীত করা যায়। নেত্রকোনা থেকে কলমাকান্দা হয়ে পাঁচগাঁও পর্যন্ত একটি আধুনিক মহাসড়ক নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এ সড়ক দিয়ে সীমান্ত সড়কের সঙ্গে সংযোগ স্থাপিত হবে এবং মহাদেও নদী, লেংগুড়া বাজার ও সোমেশ্বরী নদীর ওপর একাধিক সেতু নির্মাণের মাধ্যমে দুর্গাপুর, হালুয়াঘাট, ধোবাউড়া এবং ভবিষ্যতে শেরপুর-ঝিনাইগাতী পর্যন্ত যোগাযোগ সহজ হবে। নতুন মহাসড়ক ঘিরে বাসস্ট্যান্ড স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যা কলমাকান্দা, মধ্যনগর, দুর্গাপুর, নাজিরপুর, রংছাতি ও পাঁচগাঁওসহ বিভিন্ন এলাকার মানুষের জন্য একটি সমন্বিত পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করবে।ডেপুটি স্পিকার বলেন, নির্বাচনের আগে তিনি এসব পরিকল্পনার কথা প্রকাশ করেননি। নির্বাচিত হওয়ার পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু করা হয়েছে। গত কয়েক মাস ধরে পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলেছে।পৌরসভা গঠনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শুধু পৌরসভা ঘোষণা করাই লক্ষ্য নয়, আগে প্রয়োজন আধুনিক অবকাঠামো ও নাগরিক সুবিধা নিশ্চিত করা। সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে কলমাকান্দা একটি আধুনিক শহরে পরিণত হলে পৌরসভার সুযোগ-সুবিধাও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।তিনি আরও জানান, কলমাকান্দায় একটি ট্রেনিং স্কুল, কয়েকটি কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।বাজার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিনের পুরোনো কলমাকান্দা বাজারকে আধুনিকায়ন করা হবে। ইতোমধ্যে ট্রলারঘাট সংস্কার করা হয়েছে এবং মাছ মহালের উন্নয়নকাজ চলমান রয়েছে। সম্প্রতি জেলা পরিষদের মাধ্যমে অতিরিক্ত ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা বাজার উন্নয়নে ব্যয় করার আহ্বান জানান তিনি।বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দল-মত নির্বিশেষে সকলকে কলমাকান্দার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ নয়। আমরা সবাই মিলে এমন একটি কলমাকান্দা গড়ে তুলব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে বলতে পারে, তাদের পূর্বসূরিরা একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ রেখে গেছেন।নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট  মোঃ নূরুজ্জামান। এসময় জেলা প্রশাসনের ও উপজেলা প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী, এনসিপি, কলমাকান্দা-দুর্গাপুর এলাকার খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ, উইমেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, হাজং সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কলমাকান্দা বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

#মোস্তফা/মাসুদ/রিদওয়ান/মনির/ রিজভী/২০২৬/১৩:০০ঘটিকা

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর