মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ, প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশেষ অভিযানে বিস্ফোরক আইনের মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাদিম হোসেন রূপালী ব্যাংকের ভৈরব শাখার একজন সিনিয়র কর্মকর্তা।পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুলিয়ারচর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত একটি ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় নাদিম হোসেনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নাদিম হোসেন কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোওয়াগাঁ গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রূপালী ব্যাংকের ভৈরব শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ বলেন, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
আপনার মতামত লিখুন :