
মুঞ্জুরুলহক মুঞ্জু (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী প্রেস ক্লাবের সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।কর্মসূচিতে বক্তব্য রাখেন কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তর প্রতিনিধি ফজলুল হক আলমগীর জোয়ারদার, সদস্য সচিব ও দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, যুগ্ম আহবায়ক মানবজমিন প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, যুগ্ম আহবায়ক মোবারক হোসেনসহ আরও অনেকে।বক্তাগণ বলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে আমরা বৈষম্যের শিকার ছিলাম। কটিয়াদী প্রেস ক্লাবকে একদলীয় ও গুটি কয়েক লোকের পরিবার তান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদ প্রতিষ্ঠানে পরিণত করেছে আওয়ামী ঘরানার কতিপয় ব্যবসায়ী ও সাংবাদিক। যাদের অনেকের দলীয় পদও রয়েছে। এর বাইরে কোন সাংবাদিককে ক্লাবের সদস্য করা হয়নি।কেউ সদস্য হতে চাইলেও অগণতান্ত্রিক গঠনতন্ত্রের দোহাই দিয়ে সদস্য করা হয়নি। ২০২৪এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বঞ্চিত সাংবাদিকরা ছাত্র-জনতার সহায়তায় তাদের অধিকার ফিরে পেতে ক্লাবে প্রবেশ করেছেন। কিন্তু তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রায় দুই বছর পর গত রমজান মাসে একটি সাজানো ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১৫/২০জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা কিশোরগঞ্জ দ্রুত বিচার আদালতে দায়ের করে। মানববন্ধনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তাগণ আরও বলেন, বিশিষ্ট শিল্পপতি দানবীর আব্দুল কাদির মোল্লা প্রেস ক্লাবের উন্নয়নের জন্য মোটা অংকের অর্থ দান করেছিলেন। যা ব্যাংকে এফডিআর করা আছে। এর লভ্যাংশ দিয়ে বিভিন্ন উন্নয়ন কাজ কাগজে-কলমে দেখিয়ে তারা নিয়মিত সেই অর্থ আত্মসাৎ করত। এছাড়াও ঈদ, মেলা ও পূজার বোনাসের নামে বিভিন্ন সময় অর্থ হাতিয়ে নিয়েছে। মূলত তাদের অপকর্ম নির্বিঘ্ন রাখতে নতুন সদস্য গ্রহণে অলিখিত নিষেধাজ্ঞা ছিল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক দ্রুব রঞ্জন দাস, সাইফুল ইসলাম, জজ মিয়া, সৈয়দ ওলিউজ্জামান মহসিন, মোফাসসেল সরকার, খায়রুল ইসলাম, আশরাফুল ইসলাম সুমন, নাইম ইসলাম, মিজানুর রহমানসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :