মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কটিয়াদীতে নৌকা ডুবে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।শুক্রবার (১ মে) দুপুরে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের রৌওয়া বিলে ধান বোঝাই নৌকা ডুবে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম আরিফুর, ওরফে কালা মিয়া (২৮)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার চান্দপুর ইউনিয়নের রৌওয়া বিলে কয়েকজন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। এ সময় এক ভাগ ধান কেটে নৌকায় বোঝাই করে বিল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এতে সঙ্গে থাকা দুইজন শ্রমিক সাঁতরে উঠতে পারলেও আরিফুর, ওরফে কালা মিয়া ডুবে যান। পরে স্থানীয় লোকজন প্রথমে খোঁজ শুরু করেন। পরবর্তীতে ভৈরব থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহটি উদ্ধার করে।কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. শ্যামল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধান কাটা শ্রমিকের মরদেহটি বিলের পানি থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :