
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:২২, ২৬ এপ্রিল ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ ওয়াসিম (৩২) নামে এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়াসিম উপজেলার সারপুকুর ইউনিয়নের জামুরটারি গ্রামের মো. শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বিড়ি ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন ওয়াসিম। পথিমধ্যে সাপ্টিবাড়ি বাজারে পৌঁছালে একটি কাভার্ডভ্যান বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে কাভার্ডভ্যানসহ চালক সুজন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/নিয়াজ/রাজীব
আপনার মতামত লিখুন :