
ব্যাংকের টাকা নিয়ে যারা পালিয়েছে, তাদের কারো সঙ্গে সমঝোতার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
খেলাপি ঋণ আদায়ে বিদেশি পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ করা হয়েছে, জানিয়ে তিনি বলেছেন, “মামলা হয়েছে সবার বিরুদ্ধে। নিয়মিত মনিটর করা হচ্ছে।”
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ জানতে চান, এস আলম গ্রুপ একাই ৮০ হাজার কোটি টাকা এবং জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ ২৫ হাজার কোটি টাকা খেলাপি। এই টাকা ফেরাতে চলতি অর্থবছরে বিশেষ পরিকল্পনা আছে কি না? এস আলম গ্রুপকে ঋণ শোধ না করিয়ে পুনর্গঠনের চেষ্টা হচ্ছে কি না, কোনো সমঝোতা হয়েছে কি না?
জবাবে অর্থমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমে কারো সঙ্গে সমঝোতার সুযোগ নেই। বিএনপি যতবার সরকারে এসেছে, আর্থিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠেনি। ম্যাক্রো স্ট্র্যাটেজি বা শেয়ারবাজার লুটপাট নিয়েও প্রশ্ন আসেনি। তাই, নিশ্চিত করছি, আমাদের অর্থনৈতিক পরিকল্পনায় কোনো সমঝোতা হবে না।”
ঋণখেলাপিদের বিষয়ে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, “যারাই ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পালিয়েছে, সবার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা সেগুলো পারসু করছি। টাকা ফেরাতে দেশের বাইরে পেশাদার ফার্ম নিয়োগ করেছি।”
টাকা উদ্ধারে দুই পথে কাজ করার কথা জানিয়েছে মন্ত্রী বলেন, “একদিকে সরকার-টু-সরকার আলোচনা চলছে, অন্যদিকে বেসরকারি রিকভারি ফার্ম কাজ করছে। ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারব।”
আপনার মতামত লিখুন :