
চলমান জ্বালানি সংকটের প্রভাব দেশের অন্যান্য অঞ্চলের মতো চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাতেও স্পষ্ট। পেট্রোল পাম্পে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে চালকদের। এমন বাস্তবতার মধ্যেই এক নবদম্পতির বৌভাতে দেখা গেল ভিন্নধর্মী এক উপহার, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় বৌভাতের অনুষ্ঠানে নবদম্পতিকে অকটেন উপহার দেন বরের বন্ধুরা।
এর আগে গত মঙ্গলবার উত্তরসুর গ্রামের সুমন পাল ও চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পালের বিয়ে হয়।
অনুষ্ঠানে অন্য অতিথিরা যখন প্রচলিত উপহার গৃহস্থালি সামগ্রী, পোশাক বা শোপিস নিয়ে আসেন, তখন বরের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ব্যতিক্রমী উপহার নিয়ে হাজির হন। তারা নবদম্পতিকে দেন ৫ লিটার অকটেন, যা তিনটি প্লাস্টিক বোতলে ভরে সাজিয়ে উপস্থাপন করা হয়।
এই অপ্রচলিত উপহার মুহূর্তেই অতিথিদের দৃষ্টি কাড়ে। কেউ বিস্মিত হন, কেউবা হাসিতে মেতে ওঠেন। পুরো আয়োজনেই তৈরি হয় ভিন্নধর্মী আনন্দঘন পরিবেশ।
বন্ধুদের পক্ষ থেকে রাজেশ ভৌমিক বলেন, “বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংগ্রহ করা একধরনের সংগ্রামে পরিণত হয়েছে। প্রতিদিন পেট্রোল পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন জীবনের শুরুতেই বন্ধুকে যেন এই ভোগান্তিতে না পড়তে হয়, সেই চিন্তা থেকেই আমরা এমন ব্যতিক্রমী উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরো বলেন, “অনেক সময় কোন পাম্পে জ্বালানি পাওয়া যাবে, সেটিও অনিশ্চিত থাকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে। এই বাস্তবতাই আমাদেরকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে।”
এমন উপহার পেয়ে খুশি বর সুমন পাল। তিনি বলেন, “বন্ধুদের এই উপহার আমার কাছে বিশেষ। মোটরসাইকেলের জন্য জ্বালানি সংগ্রহ করতে যে ভোগান্তি পোহাতে হয়, সেটি মাথায় রেখেই বন্ধুরা এই উপহার দিয়েছে। এটা যেমন মজার, তেমনই প্রয়োজনীয়ও।”
অনুষ্ঠানে উপস্থিত আরেক অতিথি মৃদুল দেব বলেন, “এই ধরনের উপহার শুধু আনন্দের উপলক্ষ তৈরি করেনি, বরং বর্তমান জ্বালানি সংকটের বাস্তব চিত্রটিও ভিন্নভাবে তুলে ধরেছে। নবদম্পতির জীবনের নতুন অধ্যায়ে এমন একটি উপহার নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।”
আপনার মতামত লিখুন :