মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অনন্যা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।শনিবার (৮ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে সেলিম (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।অন্যজন হল বর্ষাগাতি গ্রামের মাহাতাবের ছেলে উজ্জল (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে অনন্যা পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পাকুন্দিয়া থানার বরাটিয়া চৌরাস্তা বাজারের পাশে আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে বাসটি ধাক্কা দেয়। এ সময় ট্রাক্টরের পাশে থাকা সাইকেল আরোহী রেনু মিয়াকে বাসটি চাপা দেয়। এরপর বাসটি বরাটিয়া বাজারে মো. মাসুদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় ধাক্কা দেয়। অটোরিকশাটি বাসের ধাক্কায় প্রায় ২৫ থেকে ৩০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে সেলিম ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনায় আহত তিন চারজনকে স্থানীয়রা দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান পুলিশ।
আপনার মতামত লিখুন :